কিশোরগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে ৬৫ নারীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ
স্বচ্ছ নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সমাজে পিছিয়ে পড়া নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। অদ্য ৭ই এপ্রিল সেন্ট্রাল-২ ডিভিশনের কিশোরগঞ্জ-১ রিজিওনের পাকুন্দিয়া এরিয়া অফিসে ৬৫ জন সদস্যের মাঝে মোট ১৩০০ টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। বিতরণ পরবর্তী সময়ে সদস্যদের নিয়ে 'হাঁস লালন-পালন' বিষয়ক একটি কারিগরি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স সেন্ট্রাল-২ ডিভিশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ নজরুল ইসলাম-এর পরামর্শ ও নির্দেশনায় কিশোরগঞ্জ-১ রিজিওনে নারীদের ভাগ্য উন্নয়নে এ কর্মসূচি হাতে নেয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মান্নান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কিশোরগঞ্জ-১ এর রিজিওনাল ম্যানেজার (দাবি) আব্দুল্লাহ আল মুরাদ, কৃষি ও বীমা ইউনিটের সম্প্রসারণ কর্মকর্তা লোকমান হোসেন, শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ রফিকুল ইসলাম এবং শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) মোঃ ফররুখ আহমেদ প্রমুখ।
প্রশিক্ষণে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাগণ হাঁসের বাচ্চার সঠিক পরিচর্যা, বাসস্থান নির্মাণ, সুষম খাদ্য নিশ্চিতকরণ এবং রোগবালাই প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, বিজ্ঞানসম্মত উপায়ে হাঁস পালনের মাধ্যমে খুব অল্প সময়ে গ্রামীণ নারীরা অভাব দূর করে স্বাবলম্বী হতে পারেন।
হাঁসের বাচ্চা হাতে পেয়ে আনন্দ প্রকাশ করে সুবিধাভোগী সদস্যরা। তারা জানান, এই সহায়তার মাধ্যমে তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের সুযোগ পেয়েছেন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজেরা লাভবান হওয়ার পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করবেন বলে আশ্বস্ত করেন।
ব্র্যাকের এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ধন্যবাদ জ্ঞাপন করেন।



No comments